প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান | ৫ দশকের যাত্রায় অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান, বার্ষিক রপ্তানি প্রায় ৫০ কোটি ডলার
দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীনতম রপ্তানিকারক শিল্পগোষ্ঠী স্ট্যান্ডার্ড গ্রুপকে একটি ‘কর্মীবান্ধব, রাজনীতিমুক্ত ও দায়িত্বশীল শিল্পপ্রতিষ্ঠান’ উল্লেখ করে সম্প্রতি প্রতিষ্ঠানটি ও এর উদ্যোক্তাদের জড়িয়ে প্রচারিত নেতিবাচক ও বিভ্রান্তিকর তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের শিল্পায়ন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং বেকারত্ব দূরীকরণে অবদান রেখে আসছে এই গ্রুপ, যেখানে কখনোই কোনো রাজনৈতিক প্রভাব বা সংশ্লিষ্টতা ছিল না।
স্ট্যান্ডার্ড গ্রুপের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন এক বিবৃতিতে জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের দুই সহপাঠী ও বন্ধু প্রকৌশলী এ কে এম মোশাররফ হোসেন ও প্রকৌশলী মো. আতিকুর রহমানের হাত ধরে ১৯৬৯ সালে ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ প্রতিষ্ঠার মাধ্যমে এ পথচলার সূচনা হয়। সিরাজগঞ্জের নদীভাঙনকবলিত নিঃস্ব মানুষদের কর্মসংস্থানের তাগিদ থেকে শুরু হওয়া সেই নির্মাণ প্রতিষ্ঠানটি পরবর্তীতে দেশের পোশাকশিল্পের সূচনালগ্নে, ১৯৮৪ সালে ‘স্ট্যান্ডার্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে পোশাক খাতে যাত্রা শুরু করে।
অর্থনীতিতে অবদান ও কর্মসংস্থান
গত চার দশকে ওভেন পোশাক উৎপাদনে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ। বর্তমানে চেয়ারম্যান প্রকৌশলী মো. আতিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম মোশাররফ হোসেনের নেতৃত্বে গ্রুপটিতে ২০টির বেশি কারখানা রয়েছে। যেখানে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক মিলিয়ে কর্মরত আছেন প্রায় ৫২ হাজার মানুষ।
বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন—গ্যাপ (Gap), ইউনিক্লো (Uniqlo), টমি হিলফিগার (Tommy Hilfiger), আসডা (Asda)-সহ আন্তর্জাতিক নামিদামি ক্রেতাদের কাছে ওভেন শার্ট, ট্রাউজার, জ্যাকেট ও সোয়েটার রপ্তানি করে গ্রুপটি। প্রতিষ্ঠানটির বার্ষিক পোশাক রপ্তানির পরিমাণ প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব ভান্ডারে বড় ভূমিকা রেখে চলেছে।
সংকট মোকাবিলা ও মানবিক নজির
শ্রমিক স্বার্থ রক্ষা ও মানবিক শিল্পচর্চায় প্রতিষ্ঠানটির ভূমিকার অন্যতম বড় দৃষ্টান্ত ছিল ২০১৩ সালের সংকট মোকাবিলা। ২০১৩ সালের ২৯ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ীতে স্ট্যান্ডার্ড গ্রুপের সুবিশাল কারখানা কমপ্লেক্সে পরিকল্পিত নাশকতামূলক অগ্নিকাণ্ডে দুটি ১০ তলা ভবন, কাঁচামাল ও রপ্তানির অপেক্ষায় থাকা বহু কাভার্ডভ্যান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটির প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। কিন্তু এই বিপর্যয়কর পরিস্থিতিতেও কোনো শ্রমিককে ছাঁটাই করা হয়নি। উল্টো ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর প্রায় ১২ হাজার শ্রমিক-কর্মচারীকে গ্রুপের অন্যান্য কারখানায় সমন্বয় করে কর্মসংস্থান ও নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা হয়, যা দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক বিরল মানবিক নজির হিসেবে বিবেচিত।
কমপ্লায়েন্স ও শ্রমিক অধিকার
গ্রুপটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত স্ট্যান্ডার্ড গ্রুপে প্রতিটি মাসের বেতন-ভাতা আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হয়। শতভাগ আন্তর্জাতিক মান (কমপ্লায়েন্স) অনুসরণ করে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, মাতৃত্বকালীন ছুটি ও আর্থিক সুবিধা, সার্বক্ষণিক চিকিৎসাসেবা, ক্যান্টিন, অভিযোগ নিষ্পত্তি সেল ও কর্মীদের নিয়মিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ ৫৫ বছরের ব্যবসায়িক জীবনে এই দুই প্রকৌশলী উদ্যোক্তা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হননি। সুযোগ থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক সুযোগ-সুবিধা বা ক্ষমতার ওপর ভর করে ব্যবসা পরিচালনা করেননি। তাঁরা শিল্পোদ্যোগকে মানুষের জীবিকা ও সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছেন।
সম্প্রতি পোশাকশিল্পের বিভিন্ন বিষয় ও প্রতিষ্ঠানটির নেতৃত্ব নিয়ে একটি মহলের প্রচারিত নেতিবাচক ও অসত্য তথ্যের প্রতিবাদ জানিয়ে স্ট্যান্ডার্ড গ্রুপ জানায়, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান না দিয়ে শ্রমিকবান্ধব নীতি, আধুনিক প্রযুক্তি ও টেকসই কর্মপরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে স্ট্যান্ডার্ড গ্রুপ বরাবরের মতোই বদ্ধপরিকর।
