সোমবার ০৯, নভেম্বর ২০২৬

সোমবার ০৯, নভেম্বর ২০২৬ -- : -- --

বিশ্বাস বিল্ডার্সকে কাজ দিয়ে ভুগছে গণপূর্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

গণপূর্ত অধিদপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্পে নির্ধারিত সময়ে কাজ শেষ না করার অভিযোগ উঠেছে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় কয়েকটি প্রকল্পে চুক্তি বাতিলের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে গণপূর্ত অধিদপ্তর।

নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, নরসিংদী জেলা কারাগার নির্মাণ এবং চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও উল্লেখযোগ্য অংশের কাজ অসম্পন্ন ছিল। ফলে এসব প্রকল্প শেষ করতে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নিতে হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ার পাশাপাশি সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

নরসিংদী কারাগার প্রকল্পে তিন বছরেও শেষ হয়নি কাজ

নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের পূর্ত-১ (সি) প্যাকেজের আওতায় প্রশাসনিক ভবন, সাক্ষাৎকার ভবন, মাল্টিপারপাস হল, গার্ড হাউস, ভিজিটর ওয়েটিং রুম, কর্মকর্তাদের কোয়ার্টার, ওয়ার্ডেন ব্যারাক, মসজিদ, গ্যারেজ, প্রধান ফটক, পাওয়ার সাবস্টেশন, পাম্প হাউস, ক্যান্টিন ও স্টোরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কথা ছিল।

২০২১ সালের ২২ ডিসেম্বর বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের সঙ্গে এ কাজের চুক্তি হয়। কার্যাদেশ অনুযায়ী ১৪ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও কাজ শেষ হয়নি। নথি অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে প্রকল্পটির ভৌত অগ্রগতি ছিল প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ চুক্তির নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পরও প্রায় ৩০ শতাংশ কাজ অসম্পন্ন ছিল।

বিভিন্ন ভবনের কাঠামোগত কাজের বড় অংশ শেষ হলেও টাইলস, দরজা, থাই অ্যালুমিনিয়াম, স্যানিটারি ফিটিংস, অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ ও রংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিনিশিং কাজ বাকি ছিল। পাশাপাশি দুটি অবজারভেশন টাওয়ার, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, পুকুর ও ভূমি উন্নয়নের কিছু কাজও অসম্পন্ন ছিল।

কাজের গতি বাড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে প্রকল্পের নথিতে উল্লেখ রয়েছে।

বৈঠকে প্রতিশ্রুতি, পরিদর্শনে দেখা যায় লোকবল সংকট

প্রকল্পের কাজ শেষ করতে ২০২৫ সালের ১৯ নভেম্বর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী ও অপারেশন ম্যানেজার উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম উপস্থিত না থাকলেও মুঠোফোনে তিন দিনের মধ্যে সাইটে পুরোদমে কাজ শুরুর এবং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এরপর ৮ ও ৯ ডিসেম্বর গণপূর্ত অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে। তখন সেখানে নিরাপত্তা প্রহরী, স্টোর কিপার ও সাইট ম্যানেজার ছাড়া নির্মাণকাজ পরিচালনার মতো পর্যাপ্ত লোকবল পাওয়া যায়নি।

২১ ডিসেম্বরের আরেকটি পরিদর্শনেও উল্লেখযোগ্য ভৌত অগ্রগতি পাওয়া যায়নি বলে সাইট অর্ডার বুকে দায়িত্বশীল প্রকৌশলীরা উল্লেখ করেন।

চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্প ব্যবস্থাপকের অনুমতি ছাড়া একটানা ২৮ দিনের বেশি নির্মাণকাজ বন্ধ রাখা চুক্তির মৌলিক শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় চুক্তি বাতিল করা হবে না কেন, তা জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৮ দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

পরে চুক্তি বাতিল, নির্ধারিত ক্ষতিপূরণ ও চুক্তি অনুযায়ী জরিমানা আরোপ এবং প্রতিষ্ঠানটিকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। অসমাপ্ত কাজ শেষ করতে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামের আবাসিক প্রকল্পেও ধীরগতির অভিযোগ

চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পেও একই ধরনের চিত্র পাওয়া গেছে। গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘চট্টগ্রামের ৩৬টি পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের আওতায় তিনটি বাড়ির নির্মাণকাজ দেওয়া হয়েছিল বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনকে।

২০১৯ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪ মাস মেয়াদি চুক্তি হয়। সে অনুযায়ী ২০২১ সালের ৪ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনটি ভবনের কাজ বড় অংশে অসম্পন্ন থেকে যায়। নথি অনুযায়ী, নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩১/বি-২ নম্বর বাড়ির সাইট হস্তান্তরের ৩৬ মাস পরও ভৌত অগ্রগতি ছিল ৫৪ শতাংশ। ২৬/এ-২ নম্বর বাড়ির অগ্রগতি ছিল ২৬ শতাংশ এবং ৩০/বি-২ নম্বর বাড়ির সাইট হস্তান্তরের ২৫ মাস পর অগ্রগতি দাঁড়ায় মাত্র ২৩ শতাংশে।

তিনটি ভবনের সামগ্রিক ভৌত অগ্রগতি ছিল প্রায় ৩৩ শতাংশ। অন্যদিকে আর্থিক অগ্রগতি ছিল ১ হাজার ৩৬৫ দশমিক ৪২ লাখ টাকা, অর্থাৎ প্রায় ১৩ কোটি ৬৫ লাখ টাকা।

কাজের গতি বাড়াতে চুক্তির মেয়াদ বৃদ্ধি, কার্যসম্পাদন জামানতের মেয়াদ বাড়ানো, হালনাগাদ কর্মপরিকল্পনা দেওয়া এবং দ্রুত নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার নির্দেশ দেওয়া হয়। তবে নথি অনুযায়ী, তাতেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

পরবর্তীতে চুক্তির মৌলিক শর্ত লঙ্ঘনের অভিযোগে চুক্তি বাতিলের নোটিশ দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়।

বিএফডিসি কমপ্লেক্সের কাজও বছরের পর বছর ঝুলছে

বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের বিরুদ্ধে ধীরগতির অভিযোগ রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পেও।

চলচ্চিত্রশিল্পের অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে প্রকল্পটি শুরু হয়। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছিল ৩২২ কোটি ৭৭ লাখ টাকা। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির ব্যয় প্রায় ৩৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে সাত বছর পার হলেও প্রকল্পটির ভৌত অগ্রগতি ৫০ দশমিক ৬৬ শতাংশ বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের পর্যাপ্ত দক্ষ জনবল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় প্রকল্পের মূল কাঠামোগত কাজ দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। ভবনের মূল কাজ শেষ না হওয়ায় সেন্ট্রাল এসি, জেনারেটর ও লিফট স্থাপনসহ পরবর্তী ধাপের কাজও বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া সিনেপ্লেক্সের আধুনিক সরঞ্জাম ও ডিজিটাল ক্যামেরা স্থাপনের প্রক্রিয়াও প্রকল্পের অগ্রগতির সঙ্গে যুক্ত থাকায় সেগুলোও বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

পুরোনো শুটিং ফ্লোর ভেঙে ফেলার পর নতুন অবকাঠামো সময়মতো প্রস্তুত না হওয়ায় বিএফডিসির নিজস্ব আয়েও প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনায়ও চাপ তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি

বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের বক্তব্য জানতে ৭ ও ৮ সেপ্টেম্বর একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। পাঠানো খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।

গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন কাজ ঝুলে থাকা, বারবার তাগাদা দেওয়ার পরও প্রত্যাশিত অগ্রগতি না হওয়া এবং চুক্তির শর্ত ভঙ্গের কারণেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চুক্তি বাতিল ও নিষেধাজ্ঞাসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নরসিংদী জেলা কারাগার প্রকল্পের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. উজির আলী জানিয়েছেন, কাজের দীর্ঘসূত্রতার কারণেই চুক্তি বাতিল করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন পর্যায়ে কাজ শেষ করার জন্য তাগাদা দেওয়া হলেও বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও কাজ বন্ধ থাকায় শেষ পর্যন্ত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়েছে।

চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী আবু হানিফও জানিয়েছেন, আবাসিক ফ্ল্যাট প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় কাজ ঝুলিয়ে রেখেছিল। বারবার চিঠি দিয়ে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

একাধিক সরকারি প্রকল্পে কাজের ধীরগতি ও চুক্তি বাতিলের ঘটনায় এখন অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করাই গণপূর্ত অধিদপ্তরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে এসব প্রকল্প শেষ করতে গেলে বাড়তি সময় ও অর্থের প্রয়োজন হতে পারে।

Link copied!