সোমবার ০৯, নভেম্বর ২০২৬

সোমবার ০৯, নভেম্বর ২০২৬ -- : -- --

ঘুষকাণ্ডে তোলপাড়ের মধ্যেই লালবাগের এসিল্যান্ড আমিনুল ইসলামকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেল ভূমি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে সার্ভেয়ার ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার এবং এসিল্যান্ডের বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার নির্দেশ দেওয়ার বিস্ফোরক অভিযোগ ওঠার পরপরই সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। 

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই আদেশে লালবাগ রাজস্ব সার্কেলের নতুন এসিল্যান্ড হিসেবে ফরিদপুরের সালথার সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজকে পদায়ন করা হয়েছে ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। তার নিজ জেলা টাঙ্গাইল। অন্যদিকে সালথা থেকে রিজভী আহমেদ সবুজকে লালবাগ রাজস্ব সার্কেলের এসিল্যান্ড পদে বদলি করা হয়েছে । জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। 

সম্প্রতি লালবাগ রাজস্ব সার্কেল অফিসে দুর্নীতি দমন কমিশন এক বিশেষ ফাঁদ অভিযান পরিচালনা করে। এ সময় জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয় । ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ওই কাজের জন্য সার্ভেয়ার মোট আশি লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন ।

হাতেনাতে আটকের পর সার্ভেয়ার আসাদুল ইসলাম দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি দাবি করেন, তিনি এসিল্যান্ডের নির্দেশেই এই ঘুষ নিয়েছেন এবং তাকে একা নয়, এসিল্যান্ডকেও গ্রেপ্তার করতে হবে । প্রকাশ্যে কার্যালয়ে সার্ভেয়ারের এমন বক্তব্য প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করে ।

এর আগে লালবাগ ভূমি অফিসের বিরুদ্ধে দালালচক্র ও ওমেদারদের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি এবং সামান্য সরকারি ফির নকল সরবরাহের বিপরীতে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ গণমাধ্যমে উঠে আসে।

একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে লালবাগের এসিল্যান্ড মো. আমিনুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার সিদ্ধান্তকে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Link copied!