প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
সেবাগ্রহীতাদের জিম্মি করে ঘুষ বাণিজ্য, আদালতের রায় অমান্য এবং উদ্দেশ্যমূলকভাবে নামজারি আটকে রাখার অর্ধশতাধিক অভিযোগের মুখে থাকা রাজধানীর উত্তরা ভূমি অফিসের বিতর্কিত কর্মকর্তা মাকসুদ আলমকে তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের এক জরুরি আদেশে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় সংযুক্ত করা হয়।
গতকাল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
আদেশে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা ২ নভেম্বর অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন। নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তাঁর দায়িত্ব থেকে অবমুক্তির বিষয়টি নিশ্চিত করবেন।
একই আদেশে সাভারের আমিনবাজার ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনকে ধামরাইয়ের যাদবপুর ভূমি অফিসে সংযুক্ত করা হয়েছে।
অভিযোগের পাহাড় মাথায় নিয়ে বহাল ছিলেন ৫ বছর
ভূমি প্রশাসনের প্রচলিত চাকরিবিধি অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর বদলির নিয়ম থাকলেও মাকসুদ আলম দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে উত্তরা সার্কেলে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। ২০২১ সালের ৩ জানুয়ারি তিনি মিরপুর রাজস্ব সার্কেল থেকে বদলি হয়ে উত্তরা ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে যোগ দেন।
ঢাকা জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ে জমা পড়া একাধিক লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, দেওয়ানি আদালতের রায় ও স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি থাকা সত্ত্বেও তিনি জমির নামজারি (ই-মিউটেশন) আটকে রেখে মোটা অঙ্কের ঘুষ দাবি করতেন। এমনকি সহকারী কমিশনারের (ভূমি) চূড়ান্ত আদেশ ও নিষ্পত্তি হওয়া মিস কেসেও উদ্দেশ্যমূলক ত্রুটি দেখিয়ে সাধারণ জমির মালিকদের নোটিশ পাঠিয়ে জিম্মি করার বহু নালিশ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধিগ্রহণের অজুহাত দেখিয়ে খিলক্ষেত ও ডুমনি এলাকার সাধারণ ভূমির মালিকদের তিনি বছরের পর বছর হয়রানি করেছেন। স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে তিনি এসব অনৈতিক লেনদেন পরিচালনা করতেন বলে সেবাগ্রহীতাদের অভিযোগ।
লটারি বিতর্কের পর শেষ রক্ষা হলো না
সম্প্রতি ভূমি অফিসে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে ঢাকা জেলা প্রশাসন প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বদলির উদ্যোগ নেয়। তবে অভিযোগের পাহাড় থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে মাকসুদ আলমকে ওই বদলি প্রক্রিয়ার বাইরে রাখা হয়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ভূমি প্রশাসনে ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়।
অবশেষে সমালোচনার মুখে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়ে তাঁকে উত্তরা ভূমি অফিস থেকে স্ট্যান্ড রিলিজ করে জেলা কার্যালয়ে ক্লোজড করল।
জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জনস্বার্থ রক্ষা এবং ভূমিসেবা প্রদানে শৃঙ্খলা নিশ্চিত করতেই এ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জমা পড়া অভিযোগগুলোর বিষয়েও বিভাগীয় তদন্ত বিবেচনা করা হচ্ছে।
