সোমবার ০৯, নভেম্বর ২০২৬

সোমবার ০৯, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাকা ডিসি অফিসের আলোচিত ৪ সার্ভেয়ার অবশেষে অবমুক্ত  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

দেড় মাস ঝুলিয়ে রাখার পর আদেশ কার্যকর | দুদকের হাতে গ্রেপ্তার হওয়া কেশব ও জেল খাটা মজিবুলসহ ৪ জনের বিরুদ্ধে নানা অভিযোগ

মেগা প্রকল্পের জমি অধিগ্রহণের (এলএ) ক্ষতিপূরণ আটকে রেখে ঘুষ দাবি ও দুর্নীতির সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা প্রশাসনের বহুল আলোচিত চার সার্ভেয়ারকে অবশেষে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত (রিলিজ) করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারির প্রায় দেড় মাস পর ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সই করা এক অফিস আদেশে তাঁদের অবমুক্ত করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা (এলএ) থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, আজ শুক্রবার (৮ নভেম্বর) পূর্বাহ্ণ থেকেই এ অবমুক্তির আদেশ কার্যকর হয়েছে। 

অবমুক্ত হওয়া চার সার্ভেয়ার হলেন—কেশব লাল দেব, মো. আব্দুল বারীক, মো. মজিবুল হক এবং মো. সেলিম রেজা। তাঁরা সবাই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা-০৩-এ কর্মরত ছিলেন।

অফিস আদেশ অনুযায়ী, কেশব লাল দেবকে রাজবাড়ী, মো. আব্দুল বারীককে গোপালগঞ্জ, মো. মজিবুল হককে টাঙ্গাইল এবং মো. সেলিম রেজাকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের সুবিধার্থে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযুক্ত ৪ জনের অতীত রেকর্ড ও দুর্নীতির চিত্র

অনুসন্ধান ও সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে অবমুক্ত হওয়া চার সার্ভেয়ারের বিরুদ্ধে সুনির্দিষ্ট নানা অনিয়ম ও অতীত অপরাধের তথ্য পাওয়া গেছে:

১. কেশব লাল দেব (বদলি: রাজবাড়ী)
সার্ভেয়ার কেশব লাল দেব ইতিপূর্বেও ভূমি অধিগ্রহণে দুর্নীতির বড় অভিযোগে অভিযুক্ত ছিলেন। কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় কর্মরত থাকাকালে মেগা প্রকল্পের কোটি কোটি টাকার ক্ষতিপূরণ থেকে কমিশন বাণিজ্যের অভিযোগে ২০২১ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে দালালসহ তাঁকে গ্রেপ্তার করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখান থেকে জামিনে বেরিয়ে তিনি নেত্রকোনা হয়ে প্রভাব খাটিয়ে ঢাকা ডিসি অফিসের গুরুত্বপূর্ণ এলএ শাখা-৩-এ পদায়ন বাগিয়ে নেন। ঢাকায় এসেও তিনি একই ধরনের সিন্ডিকেট গড়ে তোলেন। ক্ষতিপূরণের চেকের বিপরীতে ১৫ থেকে ২০ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

২. মো. আব্দুল বারীক (বদলি: গোপালগঞ্জ)
এলএ শাখা-৩-এ কেশব লাল দেবের প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিলেন সার্ভেয়ার আব্দুল বারীক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কসহ বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ফাইল জিম্মি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ফাইলপ্রতি মোটা অঙ্কের ঘুষ দাবি এবং কমিশন না দিলে নথিতে কৃত্রিম ত্রুটি দেখিয়ে মাসের পর মাস ফেলে রাখতেন তিনি। গত সেপ্টেম্বরে একটি জাতীয় দৈনিকে কেশব-বারীক জুটির কমিশন বাণিজ্যের সুনির্দিষ্ট কেসস্টাডি প্রকাশিত হলে প্রশাসনিক মহলে তোলপাড় সৃষ্টি হয়।

৩. মো. মজিবুল হক (বদলি: টাঙ্গাইল)
সার্ভেয়ারদের মধ্যে অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত মো. মজিবুল হক। অভিযোগ রয়েছে, বাংলাদেশ রেলওয়ের জমি নিয়ে অনিয়ম ও এলএ কেসের নথিপত্র জালিয়াতির ঘটনায় এর আগে তিনি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং চাকরিচ্যুত হন। তবে পরবর্তীতে প্রশাসনিক ফাঁকফোকর ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুনর্বাসিত হয়ে ঢাকায় পদায়ন নেন। এলএ শাখা-৩-এ অধিগ্রহণের যৌথ তদন্তে অস্তিত্বহীন স্থাপনা ও গাছপালার অতিমূল্যায়ন দেখিয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের সিন্ডিকেটে তিনি সক্রিয় ছিলেন।

৪. মো. সেলিম রেজা (বদলি: মানিকগঞ্জ)
এলএ শাখা-৩-এর অন্যতম সদস্য সেলিম রেজার বিরুদ্ধে দালালদের মাধ্যমে ফাইল প্রক্রিয়াকরণ এবং ক্ষতিপূরণের তালিকাভুক্ত করার নামে সাধারণ সেবাপ্রত্যাশীদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মাঠপর্যায়ের যৌথ তদন্ত প্রতিবেদনে জমির প্রকৃতি বদলে দেওয়া ও নামমাত্র অবকাঠামোর ভুয়া বিল তৈরির ক্ষেত্রেও তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

যেভাবে চলত সিন্ডিকেট

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর আশপাশের মেগা প্রকল্পের অধিগ্রহণ করা জমির মালিকদের ন্যায্য পাওনা আটকে দেওয়া হতো। জমির ওয়ারিশান কিংবা নামজারিতে সামান্য ভুল দেখিয়ে ফাইলের গতি আটকে রাখা হতো। দালাল মারফত আগেভাগে শতকরা হারে ঘুষের চুক্তি না হলে কোনো ফাইল অনুমোদন পেত না। অন্যদিকে ফাঁকা বা নিচু জমিতে রাতারাতি ছাপড়া ঘর তুলে ও চারা গাছ রোপণ করে তা পাকা স্থাপনা ও ফলদ বাগান দেখিয়ে ভুয়া যৌথ তদন্তের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা লোপাট করত এই চক্র।

দেড় মাস ঝুলিয়ে রাখা হয় বদলির আদেশ

তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে গত ২০ ও ২১ সেপ্টেম্বর তাঁদের ঢাকার বাইরে শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়েছিল। আদেশে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) গণ্য হওয়ার শর্ত ছিল।

অভিযোগ রয়েছে, সরকারি বিধিমালার তোয়াক্কা না করে বদলি আদেশ স্থগিত বা বাতিলের জন্য অভিযুক্তরা ঊর্ধ্বতন মহলে দফায় দফায় তদবির চালান। এমনকি ঢাকায় অবস্থান ধরে রাখতে মোটা অঙ্কের আর্থিক চুক্তি করার অভিযোগও ওঠে। ফলে দীর্ঘ প্রায় দেড় মাস তাঁদের অবমুক্ত না করে জেলা প্রশাসন কার্যালয়েই বহাল রাখা হয়। অবশেষে বিষয়টি নিয়ে নতুন করে ক্ষোভের সৃষ্টি হলে জেলা প্রশাসক ফরিদা খানম কঠোর অবস্থান নিয়ে গতকাল একযোগে তাঁদের অবমুক্তির চূড়ান্ত নির্দেশ দেন।

ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, এলএ শাখার স্বচ্ছতা ফেরাতে এবং সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধে প্রশাসন কঠোর বার্তা দিচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত সার্ভেয়ারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানও চলমান রয়েছে।

Link copied!