প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা এবং গুলি চালানোর ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খাদিজা আক্তার উর্মিকে ফের গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
আদালত কর্তৃক উর্মিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাদিয়া আক্তার সেতু।
আদালত সূত্র জানায়, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ২৪ নম্বর এজলাসে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ধানমন্ডি মডেল থানার মামলায় উর্মিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সিএমএম আদালতের ১০ নম্বর এজলাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তাঁর বিরুদ্ধে থাকা শাহবাগ থানার মামলার কার্যক্রম পরিচালিত হয়।
আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সাদিয়া আক্তার সেতু জানান, ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় পুলিশ খাদিজা আক্তার উর্মিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে তাঁকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন।
আদালতে জমা দেওয়া পুলিশের আবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ধানমন্ডি ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ওই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মো. সজিব ইসলাম (৩২) নামের এক যুবক পিঠে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ১৯/১২/২০২৪) দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্তে ও সাক্ষ্যপ্রমাণে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার সঙ্গে খাদিজা আক্তার উর্মির প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আসামি আগে থেকেই অপর একটি মামলায় কারাগারে থাকায় তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় এর আগে গ্রেপ্তার হন খাদিজা আক্তার উর্মি। সেই থেকে কারাগারে থাকা এই ছাত্রলীগ নেত্রীকে আজ ধানমন্ডি থানার নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো।
