প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ কুড়িল বিশ্বরোড ও পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে। প্রতিদিন এই পথ দিয়ে কয়েক লাখ যাত্রী এবং হাজারো পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। তবে সরকারি ট্রাফিক আইনের চেয়ে এই সড়কে বড় হয়ে উঠেছে এক পুলিশ কর্মকর্তার নিজস্ব ‘আইন’। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের আওতাধীন কুড়াতলী ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার হোসেন। তাঁর একক ইশারা আর চাঁদার ওপর নির্ভর করে চলে এই সড়কের চাকা।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এর দীর্ঘ অনুসন্ধানে প্রকাশ পেয়েছে দেলোয়ারের এই ভয়ংকর ‘চাঁদাবাজি সাম্রাজ্য’। অনুসন্ধান অনুযায়ী, অনুমোদনহীন সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, প্রাইভেটকার, এমনকি দিনে রাজধানীতে নিষিদ্ধ বালু-পাথরের ড্রাম ট্রাক জিম্মি করে প্রতি মাসে অন্তত ১৯ থেকে ২০ লাখ টাকার মাসোহারা আদায় করছেন এই ট্রাফিক পরিদর্শক। সড়কে তাঁর এমন দাপট ও চাঁদাবাজির কারণে চালক ও পরিবহন সংশ্লিষ্টদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘রাস্তার মাফিয়া’ হিসেবে।
মাসে ২০ লাখ টাকার ‘রেটকার্ড’
অনুসন্ধানে কুড়িল ও ৩০০ ফুট সড়ক ঘিরে গড়ে ওঠা চাঁদাবাজির একটি নির্দিষ্ট মাসিক ‘রেটকার্ড’ ও আর্থিক হিসাব উঠে এসেছে:
১. সিএনজিচালিত অটোরিকশা (৬ লাখ টাকা): কুড়িল থেকে চলাচলকারী প্রায় ৪০০ সিএনজির ৯৯ শতাংশেরই রাজধানীতে চলাচলের অনুমতি নেই। এর মধ্যে অন্তত ২০০টি সিএনজি সরাসরি দেলোয়ারের মাসিক মাসোহারা দিয়ে চলে। লাইনম্যান সেলিমের মাধ্যমে গাড়িপ্রতি মাসে ৩ হাজার টাকা করে প্রায় ৬ লাখ টাকা আদায় করা হয়।
২. ভারী ড্রাম ট্রাক ও রেডিমিক্স গাড়ি (৪ লাখ টাকা): দিনে রাজধানীতে মাটি, বালু ও পাথরবোঝাই ভারী যান চলাচল নিষিদ্ধ হলেও ৩০০ ফুটে অন্তত ১৫টি রেডিমিক্স ও ড্রাম ট্রাক কোম্পানি অবাধে চলছে। কোম্পানিভেদে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হয়। এই খাত থেকে আসে প্রায় ৪ লাখ টাকা।
৩. প্রাইভেটকার স্ট্যান্ড (৩ লাখ টাকা): কুড়িল বিশ্বরোড থেকে রূপগঞ্জের গাউছিয়া রুটে চলাচলকারী প্রায় ১৫০টি অবৈধ প্রাইভেটকার থেকে দেলোয়ারের অন্যতম সহযোগী লাইনম্যান কাউসার গাড়িপ্রতি মাসে ২ হাজার টাকা করে আদায় করেন ৩ লাখ টাকা। এ ছাড়া স্থানীয় নেতাদের দিতে হয় দৈনিক ১০০ টাকা।
৪. কাভার্ডভ্যান কোম্পানি (আড়াই লাখ টাকা): নিয়মিত চলাচলকারী ২০ থেকে ২৫টি কাভার্ডভ্যান কোম্পানি থেকে গাড়িপ্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা করে আদায় করা হয় প্রায় আড়াই লাখ টাকা।
৫. ব্যাটারিচালিত অটোরিকশা (২ লাখ টাকা): এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশার লাইনম্যানদের কাছ থেকে সপ্তাহে ৫০ হাজার টাকা হারে মাসে আদায় করা হয় ২ লাখ টাকা।
৬. বাস ও পার্কিং চাঁদাবাজি (দেড় লাখ টাকা): লোকাল ও দূরপাল্লার বাস কোম্পানি থেকে কোম্পানিভেদে ১ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া ফুটপাত ও রাস্তা দখল করে রাখা পিকআপ স্ট্যান্ড থেকে লাইনম্যান আজিজের মাধ্যমে ১২ হাজার, দেওয়ান পরিবহন থেকে ১০ হাজার এবং বিআরটিসির পার্কিং থেকে মাসে ২০ হাজার টাকা নেওয়া হয়।
পুলিশের ‘লাইসেন্স স্টিকার’ ও বিকাশে ঘুষ
৩০০ ফুট এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা নির্বিঘ্নে চলাচলের জন্য পুলিশি লাইসেন্স হিসেবে কাজ করে বিশেষ ‘সাংকেতিক স্টিকার’। অনুসন্ধান চলাকালে দেখা যায়, কিছুদিন ‘স্ন্যাপব্যাক’ লেখা স্টিকার দিয়ে গাড়ি চললেও পরে দেওয়া হয় ‘বেসবল বল’-এর ছবিযুক্ত নতুন স্টিকার। চালকেরা অকপটেই জানান, এই স্টিকার দেখালে ট্রাফিক সার্জেন্টরা কোনো মামলা দেন না। আর যাদের স্টিকার নেই, তাদের গাড়ি সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হয়।
এদিকে বিভিন্ন পরিবহন কোম্পানির কাছ থেকে নগদ টাকার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও ঘুষ আদায়ের প্রমাণ মিলেছে। একটি ড্রাম ট্রাক কোম্পানির আর্থিক লেনদেনের নথিতে দেখা যায়, দেলোয়ারের দেওয়া একটি বিকাশ নম্বরে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা পাঠানো হতো। নম্বরটি যাচাই করতেই বেরিয়ে আসে ‘দেলোয়ার সুমন’ (Delowar Sumon) নাম।
চালকদের জিম্মিদশা ও লাইনম্যান সিন্ডিকেট
কুড়িল ও গাউছিয়া রুটের ভুক্তভোগী এক প্রাইভেটকার চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাড়ির কাগজ ঠিক থাক বা না থাক, কুড়িলে গাড়ি নামাতে হলে টিআই দেলোয়ারের মান্থলি দিতেই হবে। লাইনম্যান কাউসার সব নিয়ন্ত্রণ করে। টাকা না দিলে সার্জেন্ট ডেকে মামলা দেওয়া হয়, গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।”
১০ বছর আগে কাগজপত্রের মেয়াদ শেষ হওয়া এক সিএনজিচালক বলেন, “আমাদের কোনো ভয় নেই। বিশ্বরোডের মালিক দেলোয়ার স্যার। তাঁর টোকেন থাকলে পুলিশ গাড়ি ধরে না।”
বদলি আদেশের পরও বহাল তবিয়তে
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একের পর এক শাস্তির হাত থেকে বেঁচে যাওয়ার ইতিহাস রয়েছে দেলোয়ারের। গত বছরের ৫ সেপ্টেম্বর এক অফিস আদেশে দেলোয়ারকে কুড়িল থেকে মহাখালী ট্রাফিক জোনে বদলি করা হয়েছিল। কিন্তু অদৃশ্য তদবির ও দেনদরবারের জোরে মাত্র দুই দিনের মাথায় সেই আদেশ বাতিল করে তিনি নিজের প্রিয় কর্মস্থল কুড়িলেই থেকে যান। উল্টো যে উপ-পুলিশ কমিশনার (ডিসি) তাঁকে বদলি করেছিলেন, তাঁকেই গুলশান বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে কুড়াতলী পুলিশ বক্সে যোগাযোগ করা হলে প্রথমে দেখা করতে গড়িমসি করেন টিআই মো. দেলোয়ার হোসেন। পরবর্তীতে সড়কে দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের মুখোমুখি হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “এসব সম্পূর্ণ মিথ্যা কথা। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ করে দিতে পারেন।”
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান চাঁদাবাজির বাস্তবতা পুরোপুরি অস্বীকার করেননি। তিনি বলেন, “আমি বিষয়টি মোটেই অস্বীকার করছি না। সড়কে এই ধরনের অনিয়মের ব্যাধি অনেক গভীরে প্রোথিত এবং দীর্ঘদিনের একটি সংস্কৃতি। এই সংস্কৃতি রাতারাতি ভাঙা কঠিন হলেও আমরা নিয়মিত তদারকি করছি।” তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, গণমাধ্যমের অনুসন্ধানে যে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ এসেছে, তা খতিয়ে দেখে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
