প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
চাকরির বাজারে তরুণদের প্রবেশের সুযোগ বাড়াতে ঢাকায় বড় পরিসরে ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করবে বিভিন্ন দেশি-বিদেশি এনজিও ও বেসরকারি উন্নয়ন সংস্থা। মেলাটি কেবল চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে না, বরং তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগও তৈরি করবে।
সোমবার ঢাকা জেলার এনজিওগুলোর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
উদ্যোগটি বাস্তবায়নে ১১ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচন, চাকরির সুযোগ চিহ্নিতকরণ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং উদ্যোক্তা সহায়তার বিষয়গুলো সমন্বয় করবে। পাশাপাশি জব ফেয়ারের সময়, স্থান ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নির্ধারণ করে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
সভায় জেলা প্রশাসক ফরিদা খানম এনজিওগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, ঢাকা জেলায় কোন এনজিও কী ধরনের প্রকল্প পরিচালনা করছে এবং তার মাধ্যমে সাধারণ মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসছে, সে বিষয়ে প্রশাসনকে নিয়মিত অবহিত করতে হবে। এছাড়া, সফল উদ্যোগগুলোর অভিজ্ঞতা পারস্পরিকভাবে বিনিময়ের আহ্বান জানান তিনি।
কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে নির্দিষ্ট এলাকাগুলোকে ‘ডেঙ্গু ফ্রি জোন’ গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক। সাধারণ মানুষের কল্যাণে এনজিওগুলোর যেকোনো কার্যকর উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
