প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন শাখায় ঘুষ ছাড়া কোনো ফাইল ছাড় না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার খোদ ওই শাখার পরিচালক (উপসচিব) মো. তাজিম-উর-রহমান নিজেই ঘুষ নেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন। শুধু তা-ই নয়, ঘুষের এই টাকার ভাগ মন্ত্রী ও সচিব থেকে শুরু করে বিএমইটির মহাপরিচালক (ডিজি) পর্যন্ত সবাই পান বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে মো. তাজিম-উর-রহমানের কথোপকথনের একটি অডিও রেকর্ডে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ৫২ সেকেন্ডের ওই অডিও রেকর্ডটি এরই মধ্যে প্রতিবেদকের হাতে এসেছে।
সরকারি তথ্য বাতায়ন অনুযায়ী, উপসচিব মো. তাজিম-উর-রহমান বিএমইটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বহির্গমন শাখা’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদেশে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের বায়োমেট্রিক নিবন্ধন, স্মার্ট কার্ড এবং চূড়ান্ত বহির্গমন ছাড়পত্র (ক্লিয়ারেন্স) দেওয়ার মূল দায়িত্ব এই শাখার।
ফাঁস হওয়া অডিও রেকর্ডের শুরুতে এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে আপনি বিএমইটির প্রতিটি ফাইলে ঘুষ নেন। ঘুষ ছাড়া কোনো ফাইল আপনি ছাড়েন না।’
জবাবে পরিচালক তাজিম-উর-রহমানকে কিছুটা ঘনিষ্ঠ সুরে বলতে শোনা যায়, ‘আসলে ভাই, এখন তো আপনি আর আমি আছি, ঠিক আছে? বিষয়টা বলি। আসলে অনেক কথাই বলা যায়। আমরা ঘুষ নিই, আমাদের ঘুষের টাকা কে পায় না? মন্ত্রী থেকে সচিব, ডিজি—সবাই এই ঘুষের টাকার ভাগ পায়। ঠিক আছে? শুধু আমার একার বিরুদ্ধে নিউজ করবেন কেন? তাঁদের বিরুদ্ধে নিউজ করেন।’
এ সময় ওই সাংবাদিক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে তাজিম-উর-রহমান সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান এবং বিষয়টি ‘দেখে নেওয়ার’ (সমঝোতার) ইঙ্গিত দেন। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে ভাই, আপনার বিষয়টা আমি দেখতাছি। আপনি নিউজ কইরেন না, ঠিক আছে? আপনার বিষয়টা আমি দেখতাছি।’
সাংবাদিক তখন কোনো সমঝোতায় না গিয়ে এটিই তাঁর আনুষ্ঠানিক বক্তব্য কি না জানতে চাইলে, তাজিম-উর-রহমান ব্যস্ততা ও সভার (মিটিং) অজুহাত দেখিয়ে কথা শেষ করেন। তিনি বলেন, ‘ওকে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি আসেন, আমি একটু ব্যস্ত আছি, মিটিং আছে।’
ইরাকের বহির্গমন ছাড়পত্র আটকে কোটি টাকার ক্ষতি
বিএমইটির বহির্গমন শাখার এই কর্মকর্তার হঠকারী সিদ্ধান্ত ও ঘুষ বাণিজ্যের কারণে তেলসমৃদ্ধ ইরাকের সম্ভাবনাময় শ্রমবাজারও চরম হুমকির মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট সূত্র জানায়, ইরাকের বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সরেজমিনে পরিদর্শন করে কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করে পাঠানোর পরও বিএমইটির বহির্গমন শাখা থেকে অযৌক্তিকভাবে শত শত কর্মীর ছাড়পত্র আটকে রাখা হচ্ছে।
সম্প্রতি কোনো কারণ ছাড়াই অঘোষিতভাবে বহির্গমন ছাড়পত্র বন্ধ রাখায় ‘নাহিন ইন্টারন্যাশনাল’ নামের একটি এজেন্সির ১৩০ জন ইরাকগামী কর্মীর সালাম এয়ারের ফ্লাইটের টিকিট বাতিল হয়ে যায়। এতে ওই কর্মীদের এক দিনেই প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা গচ্চা দিতে হয়েছে। এ ছাড়া দূতাবাসের সত্যায়ন থাকা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি আল-রোটান (প্রা.) লিমিটেড, এস ট্রাভেলস ও স্বাধীন ইন্টারন্যাশনালের শত শত বৈধ কর্মীর ইরাকের বহির্গমন ছাড়পত্র আটকে রাখা হয়েছে। ভুক্তভোগী কর্মী ও এজেন্সি মালিকেরা বিএমইটিতে ধরনা দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না।
ভুয়া কোম্পানিতে ছাড়পত্র ও ‘কোটি টাকার সিন্ডিকেট’
অনুসন্ধানে জানা গেছে, তাজিম-উর-রহমানের নেতৃত্বে বিএমইটির বহির্গমন শাখাটি শ্রমিক হয়রানির কেন্দ্র এবং একটি ভয়ংকর সিন্ডিকেটের আখড়ায় পরিণত হয়েছে। বহির্গমন ছাড়পত্র দিতে তিনি ‘মেসার্স টি এম ওভারসিজ’ (আরএল-০৪৯৮) নামের একটি প্রভাবশালী রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী এ এইচ এম মঈন উদ্দিন ওরফে তিতাসের সঙ্গে মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই মঈন উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ম ভেঙে ককটেল ও মাদক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ২৫ টন অতি স্পর্শকাতর রাসায়নিক (অ্যাসিটোন) অবৈধভাবে খোলাবাজারে বিক্রির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এ ছাড়া বিএমইটির অফিস সহায়ক পদে থেকে কোটিপতি বনে যাওয়া শাহ মোহাম্মদ নূর-এ-আলমের ‘মানি টু সাকসেস ফাইল’ সিন্ডিকেটের সঙ্গেও পরিচালক তাজিম-উর-রহমানের গভীর ঘনিষ্ঠতার তথ্য পাওয়া গেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ঘিরে প্রতি সপ্তাহে কোটি টাকার অবৈধ লেনদেন হয়।
অন্যদিকে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঘুষ না দিলে ইরাকসহ বিভিন্ন দেশের ফাইল আটকে রাখা হলেও, ঘুষের বিনিময়ে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজস্ব ক্ষমতাবলে পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার ‘লজিক্কা’ নামের ভুয়া কোম্পানিতে কর্মী পাঠানোর ছাড়পত্র দেওয়ার অভিযোগ রয়েছে তাজিম-উর-রহমানের বিরুদ্ধে।
বিএমইটির বহির্গমন শাখার এই লাগামহীন দুর্নীতি ও প্রশাসনিক হয়রানির কারণে সম্প্রতি প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের দাবি তুলেছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এরই মধ্যে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মুখে ঘুষ গ্রহণের প্রকাশ্য স্বীকারোক্তি এবং পুরো মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের এতে জড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় প্রবাসী কল্যাণ খাতে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে।
