মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --

কানুনগো চুন্নু মিয়ার সিন্ডিকেটে জিম্মি ভূমি মালিকেরা, বদলি বাতিল ও দুদকের তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

চুন্নু মিয়া

ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ‘ওপেন সিক্রেট’ অনিয়ম, ঘুষ লেনদেন ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের উন্নয়ন প্রকল্পের জন্য জমি দেওয়া সাধারণ নাগরিকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে এলএ শাখা-৩–এর কানুনগো চুন্নু মিয়ার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সেবাগ্রহীতাদের হয়রানি এবং সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে বারবার একই স্টেশনে বদলি হয়ে আসার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও সচেতন মহল অবিলম্বে বিতর্কিত এই কানুনগোর অবৈধ বদলি আদেশ বাতিলসহ তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভূমি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের অর্থ তোলার প্রক্রিয়ায় সেবাগ্রহীতাদের পদে পদে আর্থিক শোষণ ও হয়রানির শিকার হতে হচ্ছে। এলএ শাখা-৩–এ ক্ষতিপূরণের ফাইল প্রক্রিয়াকরণ, নথি যাচাই এবং ক্ষতিপূরণের চেকে স্বাক্ষরের ক্ষেত্রে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। কানুনগো চুন্নু মিয়ার নেতৃত্বাধীন চক্রটি ফাইল আটকে রেখে জমির মালিকদের কাছে নির্দিষ্ট অঙ্কের কমিশন দাবি করে বলে অভিযোগ রয়েছে। দাবিমতো অনৈতিক সুবিধা না দিলে নানা ত্রুটি ও জটিলতার অজুহাতে ফাইল বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়। এতে করে দেশের উন্নয়নের স্বার্থে বাপ-দাদার ভিটেমাটি হারানো সাধারণ নাগরিকেরা প্রাপ্য অর্থ তুলতে গিয়ে সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরে নিঃস্ব হচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, সরকারি চাকরিবিধি অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভিন্ন কর্মস্থলে বদলির নিয়ম থাকলেও কানুনগো চুন্নু মিয়া দীর্ঘদিন ধরে ঘুরেফিরে ঢাকা এলএ শাখাতেই বহাল রয়েছেন। প্রশাসনিক স্বার্থে অতীতে তাঁকে ঢাকা থেকে অন্যত্র বদলি করা হলেও অদৃশ্য খুঁটির জোর ও উপরমহলে ব্যাপক তদবিরের মাধ্যমে বারবার তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখাতেই ফিরে আসেন। এভাবে একই স্টেশনে বছরের পর বছর প্রভাব বলয় ধরে রেখে তিনি ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

ভুক্তভোগী জমি মালিক ও সচেতন মহলের ভাষ্য, ঢাকা জেলা প্রশাসনের এলএ শাখার এই প্রকাশ্য দুর্নীতি বন্ধ করতে হলে এই সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করতে হবে। কানুনগো চুন্নু মিয়ার এই বিতর্কিত বদলি অবিলম্বে বাতিল করে তাঁর যাবতীয় অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখতে দুদক ও ভূমি মন্ত্রণালয়কে দ্রুত মাঠে নামার আহ্বান জানিয়েছেন তাঁরা।

অভিযুক্তের বক্তব্য 
এসব অনিয়ম, দুর্নীতি এবং সরকারি বিধি লঙ্ঘন করে বারবার একই শাখায় পদায়নের বিষয়ে জানতে কানুনগো চুন্নু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। বিভিন্ন দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে বিধি লঙ্ঘন করে পুনরায় ঢাকায় বদলি ও পদায়ন নিয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বলেন, *‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে নারাজ। যা জানার, তা উপরস্থ কর্মকর্তারা জানেন।’* এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Link copied!