প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
মাদারীপুরের ডাসার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তানজিল পারভেজ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তানজিল পারভেজকে (পরিচিতি নম্বর ১৮৩৮১) ডাসার উপজেলার ইউএনও হিসেবে বদলি বা পদায়ন করা হলো। নতুন কর্মস্থলে যোগদানের জন্য আজ ১৬ সেপ্টেম্বর অপরাহ্নে তাঁকে অবমুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ইউএনও তানজিল পারভেজ তাঁর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এ ছাড়া তাঁর এখতিয়ারাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) মোতাবেক তাঁকে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তানজিল পারভেজ এর আগে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাঁর সক্রিয় ভূমিকা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে বাজার তদারকিসহ বিভিন্ন জনবান্ধব কাজের জন্য তিনি বেশ প্রশংসিত হন। সম্প্রতি তাঁকে দীঘিনালা থেকে বদলি করা হলে স্থানীয় মানুষ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আবেগঘন বিদায় সংবর্ধনা জানানো হয়। এবার তিনি মাদারীপুরের ডাসার উপজেলার প্রশাসনিক প্রধান হিসেবে নিজের নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন।
