মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --

‘হ্যালো ডিসি’তে জমা পড়েছিল অভিযোগ, নিমেষেই উধাও কেরানীগঞ্জের ময়লার ভাগাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

ঢাকার জেলা প্রশাসকের উদ্যোগ ‘হ্যালো ডিসি’ অ্যাপে মাত্র একটি অভিযোগ, আর তাতেই কেল্লাফতে! দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ পরিষ্কার হয়ে রক্ষা পেল ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া খালের পরিবেশ। ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে এতদিন ধরে জমা হচ্ছিল বাজার ও আশপাশের গৃহস্থালির বর্জ্য। প্রতিদিনের জমে থাকা এই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে নাভিশ্বাস উঠছিল শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে পোহাতে হতো চরম দুর্ভোগ। স্থানীয়রা বারবার জানিয়েও কাজ না হওয়ায় শেষমেশ ‘হ্যালো ডিসি’ অ্যাপের শরণাপন্ন হন। অভিযোগটি নজরে আসামাত্রই ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম দ্রুত উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ামাত্রই সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ময়লা-আবর্জনা অপসারণ করে স্থানটি পুরোপুরি পরিষ্কার করে।প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে উচ্ছ্বসিত স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ সহ্য করতে হলেও হ্যালো ডিসিতে অভিযোগ জানানোর পর এত দ্রুত সমাধান পাওয়া যাবে তা তারা ভাবতে পারেননি। এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম জানান, নাগরিকদের সমস্যা দ্রুত সমাধান করতেই ‘হ্যালো ডিসি’ সেবা কাজ করছে। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলে স্থানটি পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Link copied!