প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘সামাজিক বিজ্ঞান গবেষণায় প্রকাশনাযোগ্য পরিমাণগত গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের প্রশিক্ষণের রিসোর্স পারসন একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকরা গবেষণার নতুন নতুন ধারণা ও পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। তিনি শিক্ষকদের প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ, প্রশ্ন করা এবং নতুন জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাকুজি ডব্লিউ. সুসাকা। তিনি সামাজিক বিজ্ঞান গবেষণায় পরিমাণগত পদ্ধতির ব্যবহার, তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
