শনিবার ০৮, আগস্ট ২০২৬

শনিবার ০৮, আগস্ট ২০২৬ -- : -- --

ইউআইটিএসে সাসটেইনিং এক্সিলেন্স বিষয়ক বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:১৬ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যাল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে ২৩ মে, ২০২৬ শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে সাসটেইনিং এক্সিলেন্স এর উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান-এর সঞ্চালনায় উক্ত কর্মশালাটি পরিচালনা করেন লিডারশীপ বিশেষজ্ঞ এজাজুর রহমান।

কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থকে তিলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। নাতে রাসুল (সা.) পরিবেশন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। তিনি সকলকে বড় স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দায়িত্ব ও কাজকে অবহেলা না করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব।

উক্ত কর্মশালায় মূল বক্তা (ক) শ্রেষ্ঠত্ব বজায় রাখা (খ) মালিকানা এবং দায়িত্ব (গ) মানসম্মত শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ (ঘ) শিক্ষার্থী কেন্দ্রিক সংস্কৃতি (ঙ) সহযোগিতা ও যোগাযোগ (চ) গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি (ছ) মূল্যবোধ, নৈতিকতা এবং মানবিক শ্রেষ্ঠত্ব- এর উপর বিস্তারিত আরোচনা করেন। তাঁর বক্তব্য উপস্থিত শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক , বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। পরে কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

Link copied!