প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বাবা কারাগারে থাকার সুযোগে তিন শিশুসন্তানকে ফেলে রেখে মা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। টানা তিন দিন অনাহারে থাকার পর সড়ক থেকে ওই শিশুদের উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় কালিন্দী ইউনিয়ন পরিষদের সাদ্দাম হোসেন নামের এক গ্রাম পুলিশ (চৌকিদার)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মুক্তিরবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে।
উদ্ধার হওয়া শিশুরা হলো—আলিবা (৮), ইভা (৫) এবং মাত্র তিন মাস বয়সী শিশুকন্যা মুনিয়া। তাদের বাবার নাম ইমরান হোসেন এবং মায়ের নাম জান্নাত বেগম। শিশুদের দেয়া তথ্যানুযায়ী, তাদের বাবা বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। কিছুদিন আগে তাদের মা জান্নাত বেগম মুক্তিরবাগ এলাকার তোরাব আলী নামে এক ব্যক্তির বাসা ভাড়া নেন। তবে তিন দিন আগে সন্তানদের রেখেই তিনি হুট করে উধাও হয়ে যান। এর পর থেকে শিশুগুলো চরম অসহায়ত্ব ও অনাহারে দিন কাটাচ্ছিল।
ঘটনার বিবরণে গ্রাম পুলিশ সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ডিউটি শেষে বিকেল ৩টার দিকে মুক্তিরবাগ এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় তিনি দেখতে পান, সড়কের পাশে তিন মাসের ছোট বোনকে কোলে নিয়ে বাকি দুই বোন অঝোরে কাঁদছে। তাৎক্ষণিকভাবে তিনি এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করেন এবং কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যান।
ঘটনাটি ছড়িয়ে পড়লে থানায় কৌতুহলী ও উৎসুক জনতা ভিড় জমায়। এমনকি অনেকেই তিন মাস বয়সী শিশু মুনিয়াকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কদ্দুস জানান, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় দুই বোনকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। অন্যদিকে তিন মাসের শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার পাশাপাশি সাময়িকভাবে দত্তক প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে শিশুদের মা কোথায় আছেন এবং কী কারণে দুধের শিশুদের ফেলে রেখে গেলেন, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
