রবিবার ০৯, আগস্ট ২০২৬

রবিবার ০৯, আগস্ট ২০২৬ -- : -- --

মেগাপ্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবি শিবিরের গণস্বাক্ষর

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

মেগাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে গণস্বাক্ষর। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চলমান মেগা প্রকল্প একাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত বাস্তবায়নের দাবিতে দুই দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের নিচে, একাডেমিক ভবন-১ ও ২-এর সামনে, লাইব্রেরি ভবন এবং শান্তিনিকেতনসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণস্বাক্ষর সংগ্রহের জন্য বিশেষ বুথ ও বোর্ড স্থাপন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা স্বাক্ষরের মাধ্যমে উত্থাপিত দাবির প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান কর্মসূচির উদ্দেশ্য ও যৌক্তিকতা তুলে ধরে বলেন, “দীর্ঘদিন ধরে মেগা প্রকল্প একাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ স্থবির হয়ে থাকায় বিশ্ববিদ্যালয়ে তীব্র শ্রেণীকক্ষ সংকট সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের নন-একাডেমিক ভবনসহ বিভিন্ন বিকল্প স্থানে ক্লাস করতে হচ্ছে, যা নিয়মিত শিক্ষা কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করছে। শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “একাডেমিক ভবন-৩ এর নির্মাণকাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হলে প্রকল্পটি দ্রুত, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও কার্যকরভাবে সম্পন্ন হবে বলে শিক্ষার্থীরা বিশ্বাস করে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতামত ও জোরালো সমর্থন সংগ্রহের অংশ হিসেবেই এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ শেষে আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।”

উল্লেখ্য, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য চলাকালে একই দাবিতে সাধারণ ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অডিটোরিয়ামে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন। এ সময় মেগা প্রকল্পের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে শিক্ষামন্ত্রী নিজে হস্তক্ষেপ করে ছাত্রদলকে শান্ত ও সুশৃঙ্খল থাকার নির্দেশ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার পরদিনই ক্যাম্পাসে একাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রশিবির।

Link copied!