সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

কিউএস র‌্যাংকিংয়ে নেই রুয়েট, জায়গা ধরে রেখেছে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:১০ পিএম

প্রতীকী ছবি।

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মূল্যায়নকারী সংস্থা কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার বৈশ্বিক এই তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ২০২৭ অনুযায়ী, দেশের চারটি প্রকৌশলভিত্তিক বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান ধরে রেখেছে। এগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।

প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৈশ্বিক তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭৬১ থেকে ৭৭০ ব্যান্ডে। অন্যদিকে আইইউটির অবস্থান ১২০১ থেকে ১৪০০ ব্যান্ডে। কুয়েট ও চুয়েট রয়েছে ১৪০১-এর ঊর্ধ্বে ব্যান্ডে।

এবারের তালিকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, কুয়েট, চুয়েট ও আইইউটি র‌্যাংকিংয়ে জায়গা ধরে রাখলেও রুয়েট এবার তালিকা থেকে ছিটকে গেছে। ফলে দেশের প্রকৌশল শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক এই মূল্যায়নে আগের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ২০২৬-এ রুয়েটের অবস্থান ছিল ১৪০১-এর ঊর্ধ্বে ব্যান্ডে। একই র‌্যাংকিংয়ে বুয়েট ছিল ৭৬১ থেকে ৭৭০ ব্যান্ডে, আইইউটি ছিল ১২০১ থেকে ১৪০০ ব্যান্ডে এবং কুয়েট ও চুয়েট ছিল ১৪০১-এর ঊর্ধ্বে ব্যান্ডে। ফলে দীর্ঘদিন আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে থাকা রুয়েট এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে কিউএস কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করে। এর মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে গ্রহণযোগ্যতা, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি এবং টেকসই উন্নয়ন। এসব সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতেই প্রতিবছর এ র‌্যাংকিং প্রকাশ করা হয়।

বিশ্বের অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সূচক হিসেবে পরিচিত কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ২০২৭-এ এবার ১০৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৫০০-এর বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং স্নাতকদের কর্মসংস্থান সক্ষমতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়েছে।

Link copied!