শনিবার ০৮, আগস্ট ২০২৬

শনিবার ০৮, আগস্ট ২০২৬ -- : -- --

জাল সনদে চাকরি, ১১৪ শিক্ষকের এমপিও বাতিল

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন এমপিওভুক্ত মাদরাসায় কর্মরত ১১৪ জন শিক্ষকের এমপিও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া তাদের এমপিও সুবিধা স্থায়ীভাবে বন্ধের পাশাপাশি এতদিন নেওয়া বেতন-ভাতার সরকারি অর্থ ফেরত আদায় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ২৩ মে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উপসচিব আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই আদেশ রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এমপিও বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন গাজীপুর জেলার। এছাড়া নরসিংদী জেলার ৩৯ জন এবং অন্যান্য জেলার ১৫ জন শিক্ষক রয়েছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যাচাই-বাছাই শেষে ১১৪ জন শিক্ষকের নিবন্ধন সনদ জাল বলে নিশ্চিত হয়েছে। এর ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১৮ অনুচ্ছেদ অনুযায়ী তাদের এমপিও বাতিলসহ সরকারি অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!